সারাদেশ

নওগাঁয় স্ত্রীকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম

নওগাঁয় স্ত্রীকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহারে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্বামী এবং দুই দিন পর স্ত্রীর মৃত্যু হয়।

গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন সোলায়মান আলী ও তার স্ত্রী আফরোজা বেগম (৬৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে কয়েল জ্বালানোর জন্য রান্নাঘরে যান আফরোজা বেগম। এ সময় গ্যাস লাইট জ্বালাতেই রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে চিৎকার শুরু করেন আফরোজা।

স্ত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন সোলায়মান আলী। স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনিও আগুনে দগ্ধ হন।

পরে রাতেই দগ্ধ স্বামী-স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে সোলায়মান আলীর মৃত্যু হয়। ওই দিনই তার মরদেহের সঙ্গে স্ত্রী আফরোজাকেও গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সোলায়মান আলীকে দাফন করা হয়।

এদিকে, বাড়িতে অবস্থানরত আফরোজা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে ২২ নভেম্বর রোববার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা বলেন, তিনি ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।