রাজনীতি

পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হবে: জোনায়েদ সাকি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হবে: জোনায়েদ সাকি
ছবি: সংগৃহীত

পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা ও সুযোগ নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ সমাজ দেশের সামনে জাতীয় পুনর্গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে, তা কাজে লাগাতে হবে। এ জন্য তরুণদের কেবল আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখলেই চলবে না, বরং রাষ্ট্র ও সমাজের পরিবর্তনে দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘অপরাজেয় তারুণ্য: ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্য’ অনুষ্ঠানের আয়োজন করে।

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা যদি আবার আগের মতো সরকার ও বিরোধী দলের প্রচলিত রাজনৈতিক বন্দোবস্তে পুরোপুরি ফিরে যাই, তাহলে নতুন কিছুতে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে না।’ তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার থাকবে, বিরোধী দল থাকবে, সরকারের সমালোচনা হবে এবং সরকারকে জবাবদিহির আওতায় থাকতে হবে। তবে এসবের পাশাপাশি জাতীয় স্বার্থে সামগ্রিকভাবে দেশের এগিয়ে যাওয়ার বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। পুরোনো রাজনৈতিক চর্চা আবার প্রাধান্য পেলে গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা বাধাগ্রস্ত হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অংশগ্রহণ, তরুণদের সাহসী ভূমিকা এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগানোকে তিনি রাজনৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। তাঁর মতে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের যে পরিসর তৈরি হয়েছে, তা ধরে রাখা এবং আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব তরুণদেরই নিতে হবে।

তিনি আরও বলেন, তরুণদের দায়িত্ব কেবল আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের পথ তৈরি হয়েছে, সেটিকে বাস্তবে রূপ দিতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তরুণরা যদি মনে করেন, আন্দোলনের মধ্য দিয়ে তাঁদের দায়িত্ব শেষ হয়ে গেছে, তাহলে পরিবর্তনের সুযোগ সংকুচিত হয়ে আসবে। তাই রাষ্ট্র পুনর্গঠন ও ভবিষ্যৎ নির্মাণের কাজেও তাঁদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সরকারের দায়িত্ব ও জবাবদিহির বিষয়ে জোনায়েদ সাকি বলেন, শুধু বক্তব্য দেওয়া কিংবা তরুণদের প্রতি আহ্বান জানানো সরকারের জন্য যথেষ্ট নয়। তরুণদের উন্নয়ন ও ক্ষমতায়নে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সেসব উদ্যোগের বাস্তবায়ন কতটা হচ্ছে এবং কোথায় কী ধরনের অগ্রগতি রয়েছে, সেসব বিষয়েও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

অতীতের রাজনৈতিক ভুল নিয়ে পড়ে না থেকে ভবিষ্যৎ নির্মাণে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। তবে অতীতের ভুল বারবার পর্যালোচনা করতে গিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় নষ্ট হয়, তাহলে বৈশ্বিক প্রতিযোগিতা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়বে। তাই অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে রাষ্ট্রীয় বিভিন্ন বাধা দূর করার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে স্টার্টআপ খাত ও ক্রিয়েটিভ ইকোনমিকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণদের নতুন ধারণা, সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার সুযোগ তৈরি হবে।

ক্রিয়েটিভ ইকোনমির ব্যাখ্যা দিতে গিয়ে জোনায়েদ সাকি বলেন, সৃজনশীল অর্থনীতি বলতে শুধু সংস্কৃতিভিত্তিক কর্মকাণ্ডকে বোঝায় না। বরং বাংলাদেশের মানুষের সব ধরনের সৃজনশীল উদ্যোগকে এর আওতায় নিয়ে আসতে হবে। দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যেখানেই নতুন ধারণা, সৃজনশীলতা ও উদ্যোগ রয়েছে, সেগুলোকে অর্থনৈতিকভাবে বিকশিত করার সুযোগ তৈরি করতে হবে।

তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, দেশের সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর পেশায় দক্ষতা অর্জন করতে পারবেন। যেসব তরুণের নিজস্ব ল্যাপটপ নেই, তাঁদের প্রশিক্ষণ গ্রহণের সময় প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গবেষণা ও উদ্ভাবন খাতে বিনিয়োগের অপ্রতুলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোনায়েদ সাকি বলেন, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণার জন্য বরাদ্দ মাত্র ২০ কোটি টাকা, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এত বড় অসামঞ্জস্য নিয়ে একটি দেশের জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিগত অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে অবিলম্বে বরাদ্দ বাড়াতে হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে দেশের তরুণ গবেষক ও উদ্ভাবকরা তাঁদের নতুন নতুন ধারণা বাস্তবায়নের সুযোগ পান। শুধু অর্থ বরাদ্দ বাড়ালেই হবে না, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের জন্য কার্যকর অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হলো উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া।

গবেষণার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) থেকে শুরু করে স্কুল-কলেজ পর্যন্ত গবেষণা ও উদ্ভাবনের একটি ধারাবাহিক সংযোগ তৈরি করতে হবে। এতে শিক্ষাজীবনের শুরু থেকেই তরুণদের মধ্যে গবেষণার আগ্রহ ও উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে উঠবে। পাশাপাশি যাঁরা যে বিষয়ে আগ্রহী, তাঁদের সেই ক্ষেত্রে দক্ষতা ও প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।

তরুণদের প্রতিভা যথাযথভাবে কাজে লাগাতে না পারার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অনেক তরুণ আগ্রহ নিয়ে দুই-এক বছর উদ্ভাবনী কাজে যুক্ত থাকার পর পর্যাপ্ত সুযোগ ও সহায়তার অভাবে অন্য পেশায় চলে যান। এতে তাঁদের সম্ভাবনা ও সৃজনশীলতা পুরোপুরি বিকশিত হওয়ার আগেই হারিয়ে যায়। তাই তরুণদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কাজ করার পরিবেশ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে জোনায়েদ সাকি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের বৈষম্য দূর করতে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ের এসব উদ্যোগ শুধু সামাজিক পরিবর্তনই আনে না, বরং রাষ্ট্রীয় নীতিনির্ধারণ ও প্রয়োজনীয় সংস্কারের পথও তৈরি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জাহিরুল ইসলাম, মো. আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও তরুণ প্রতিনিধিরা।