সারাদেশ
চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, চট্টগ্রামে ১৯ বছরের তরুণ গ্রেপ্তার
ইউটিউবের ভিডিও দেখে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে বাসায় কারখানা গড়ে তোলার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। চট্টগ্রাম মহানগর পুলিশের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ২২ নভেম্বর চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার তৌহিদুল আলম আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকার জাহাঙ্গীর আলম ও রুবি আক্তার দম্পতির ছেলে। তিনি বর্তমানে হাটহাজারী উপজেলার ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, শনিবার ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার পিএসআই প্রসেনজিৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টহল দল কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি ফিলিং স্টেশনের সামনে আকিবকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে তাকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে দুটি ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর পর এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব তার কুয়াইশের ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন।
পরে তাকে সঙ্গে নিয়ে সাজেদা ম্যানশনের চতুর্থ তলার ওই বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা তৈরিতে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব জানান, ইউটিউবের ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে একটি মেশিন কিনে এনে ভাড়া বাসায় স্থাপন করেন। এরপর বাণিজ্যিকভাবে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
এ ঘটনায় আকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে আকিবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ।