রাজনীতি
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: শফিকুর রহমান
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আর বাংলাদেশ পেয়েছে ‘ইঞ্জিনিয়ার’। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার ২২ নভেম্বর অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রবাসীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনাদের অনেকেরই কষ্ট আছে। ভোট দিলেন এক জায়গায়, আর পোস্টিং হলো অন্য জায়গায়। ট্রেনে, বাসে, লঞ্চে সব জায়গায় একই আওয়াজ ছিল দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। তাহলে অন্যরা কীভাবে ক্ষমতায় গেল? আপনারা জানেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার।’
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতির সবকিছুই তারা পর্যবেক্ষণ করছেন। তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো দল বা ব্যক্তি তাদের শত্রু নয়। তবে কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই কাজই তাদের কাছে শত্রু হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কথা বলবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে তাকে কিছু পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর চারপাশে কিছু লোককে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন শাসকের মর্যাদা অনেকটাই নির্ভর করে তার আশপাশের লোকজনের ওপর।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘তিনি কেমন শাসক, তা প্রমাণ হয় তার সহযোগী ও সহযোদ্ধাদের দিকে তাকালে। আমরা অনুরোধ করব, আপনার দলে এবং আপনার দলকে ভালোবাসেন, দেশে ও বিদেশে এমন অনেক ভালো ও যোগ্যতাসম্পন্ন লোক আছেন। মেহেরবানি করে তাদের দিয়ে দল সাজান। যদি এভাবে একটি ভালো দল গঠন করতে পারেন, তাহলে দেশকে ভালো কিছু দিতে পারবেন। আর দেশকে ভালো কিছু দিলে ১৭ কোটি মানুষের একজন হিসেবে আমিও উপকৃত হব।’
দুর্নীতির ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সংসদে তারাই মাদক নিয়ন্ত্রণ বিল এনেছেন। অথচ তারা মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল চান। তার ভাষ্য, আগে যারা মাদকের ডিলার ছিল, এখন তাদের জায়গায় ক্ষমতাসীন দলের নেতারা ডিলারশিপ নিয়েছেন বলে অভিযোগ উঠছে। এসব বিষয় দেখার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর থাকলেও তিনি তা সামাল দিতে পারছেন না।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বাড়ির রাস্তাটিও বন্ধ করতে পারেননি। এ ধরনের নানা সমস্যা নিয়ে দেশ চলছে।
সংসদে মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সংসদে তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়েও ভালো অবস্থানে রয়েছে। কিন্তু বাস্তবতার সঙ্গে এসব বক্তব্যের কোনো মিল নেই। এ ধরনের বক্তব্যে মানুষ হাসে। এমনকি কোনো মন্ত্রী বক্তব্য দিলে তার দলের লোকজনও পেছনে দাঁড়িয়ে হাসেন বলে মন্তব্য করেন তিনি।
বিগত সাড়ে ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, বর্তমান ক্ষমতাসীনরাও দীর্ঘ সময় নির্যাতনের শিকার হয়েছেন। ওই সময়ে তাদের অনেক নেতা-কর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেকেই এখনো ফিরে আসেননি। আরমান ফিরে এলেও অন্যরা ফেরেননি।
তিনি বলেন, অন্তত নিজেদের দলের সহকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। এ জায়গায় তাদের ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন এবং শক্তিশালী করবেন।