সারাবিশ্ব
ফিলিস্তিনিদের ওপর হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট
দখলকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে রাতের আঁধারে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত গাদি আইজেনকোট। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের কঠোর সমালোচনা করেছেন তিনি।
ফিলিস্তিনিদের গ্রামে ও তাদের সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট লেখেন, ‘রাতে চালানো এসব হামলা সব অর্থেই ইহুদি সন্ত্রাসবাদ।’ পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে দুই মন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, তাদের নেতৃত্বে সেখানে যেসব কর্মকাণ্ড চলছে, তা অঞ্চলটিকে লাগামহীন নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।
হামলাকারীদের থামাতে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর হাতে থাকা সব ধরনের ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানিয়েছেন আইজেনকোট। এ ক্ষেত্রে প্রশাসনিক আটক এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের মাধ্যমে সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা বলেন তিনি। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও দাবি জানান।
দখলকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে বর্তমানে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি বসতি ফাঁড়ি রয়েছে। এসব বসতি ও ফাঁড়িতে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন।
ফিলিস্তিনের উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে পশ্চিম তীরে মোট ৩ হাজার ১৩৩টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টি হামলার জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করেছে কমিশন।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এবং তাদের সম্পত্তিতে হামলার ঘটনা বেড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি