সারাবিশ্ব

চুক্তি না হলে নববর্ষের পরই ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

চুক্তি না হলে নববর্ষের পরই ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইংরেজি নববর্ষের পর ইরানে আবারও সামরিক হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি এ ঘোষণা দেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনো অব্যাহত রয়েছে। তবে আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তিনি সন্তুষ্ট নন। ইরানি আলোচকদের সমালোচনা করে তাদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তারা সারাক্ষণই কথা বলে। শুধু কথাই বলে যায়, কিন্তু এসবের সবই অর্থহীন বুলি।’

এদিকে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। একদিকে হরমুজ প্রণালিতে ইরানের ওপর নৌ-অবরোধ জোরদার করেছে ওয়াশিংটন, অন্যদিকে বিভিন্ন জাহাজে হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন নৌ-অবরোধ অমান্য করার চেষ্টা করলে ইরানি জাহাজগুলোকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ইরানি জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে অবরোধ অমান্যকারী জাহাজের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী সরাসরি ব্যবস্থা নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে আন্দোলনকারীদের বিক্ষোভ অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেছেন তিনি।

সব মিলিয়ে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চললেও সামরিক চাপ অব্যাহত রাখার অবস্থান নিয়েছে ওয়াশিংটন। আলোচনায় অগ্রগতি না হলে নতুন বছরের পর আবারও সামরিক অভিযান শুরুর ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।