সারাদেশ

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
ছবি: সংগৃহীত

আশুলিয়ার বাইপাইল আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

সোমবার ২৩ নভেম্বর সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় তারা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন। যেসব কারখানার শ্রমিকেরা দেরিতে বের হচ্ছিলেন, তাদেরও মারধর করা হয়।

এক শ্রমিক অভিযোগ করে বলেন, অন্য কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ না করে চালিয়ে যাচ্ছেন, এমন ক্ষোভ থেকেই তাদের ওপর হামলা করা হচ্ছে। এমনকি রিকশা থেকে নামিয়েও শ্রমিকদের মারধর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের কর্মবিরতির কারণে ৯টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে বসে ছিলেন।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে এসব সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।