বিনোদন

সমুদ্রে ভাসছিল অভিনেতা আলেকজান্ডারের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

সমুদ্রে ভাসছিল অভিনেতা আলেকজান্ডারের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য
ছবি: সংগৃহীত

সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে মার্কিন অভিনেতা আলেকজান্ডার হ্যাসকিনের মরদেহ। মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন এই অভিনেতা। স্থানীয় সময় গত ১৬ নভেম্বর বিকেল ৪টা ৬ মিনিটে সমুদ্রে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এক ব্যক্তি। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিখ্যাত জেটির কাছ থেকে উদ্ধার করা হয় অভিনেতার মরদেহ।

সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে সান্তা মনিকা পুলিশ বিভাগ। হারবার গার্ডরা জেটির পশ্চিম প্রান্তের কাছ থেকে অভিনেতাকে উদ্ধারের পর লাইফবোটে তুলে জরুরি চিকিৎসা দেন। পরে তাকে জেটির ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি সেবাকর্মীরা তার জীবন বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বিকেল ৪টা ৫৬ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টির চিকিৎসা পরীক্ষকের কার্যালয় অভিনেতা আলেকজান্ডারের পরিচয় নিশ্চিত করেছে। অভিনয়ের পাশাপাশি ফিটনেস প্রশিক্ষক হিসেবেও পরিচিতি ছিল তার।

আলেকজান্ডারের মৃত্যুর পর ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। সমুদ্রে নামার কিছুক্ষণ আগে এক নারীর সঙ্গে তাকে তর্ক করতে দেখা গেছে বলে দাবি ওঠে। তবে এ দাবি নাকচ করেছে পুলিশ। সান্তা মনিকা পুলিশ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, পাওয়া প্রমাণ অনুযায়ী অভিনেতা একাই ছিলেন। ঘটনার ঠিক আগে অন্য কারও সঙ্গে তার কথা বলা বা যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তার জন্য স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজেও একই তথ্য পাওয়া গেছে।

অভিনেতার বাবা জানিয়েছেন, ঘটনার দিন ভোরে তার ছেলে তাকে ছোট একটি খুদে বার্তা পাঠিয়েছিল। এরপর আর তাদের মধ্যে যোগাযোগ হয়নি। তবে বার্তাটিতে কী লেখা ছিল, তা প্রকাশ করেননি তিনি। ছেলের মৃত্যুতে নতুন করে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের সাবেক কর্মকর্তা ডানা জানিয়েছেন, ঘটনার আগে আলেকজান্ডারকে বিপর্যস্ত বা বিষণ্ন মনে হয়নি। বরং পরিবারের সঙ্গে থ্যাংকসগিভিং উদ্‌যাপনের জন্য তিনি বেশ আগ্রহী ছিলেন। ঘটনার দিন ভোরে বাবাকে বার্তা পাঠানোর পাশাপাশি গত ১৪ নভেম্বর ফোনে তাদের প্রায় এক ঘণ্টা কথা হয়েছিল।

উল্লেখ্য, নেটফ্লিক্সের ‘ইউ’ এবং এবিসির ‘দ্য রুকি’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন আলেকজান্ডার। অভিনয়ের পাশাপাশি ফিটনেস প্রশিক্ষক হিসেবেও তার সুনাম ছিল। এর আগে তিনি মার্কিন বিমান বাহিনীতেও দায়িত্ব পালন করেছিলেন।