সারাদেশ

‘আমি তোকে না পেলে কেউ পাবে না’, চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

‘আমি তোকে না পেলে কেউ পাবে না’, চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকি দিয়ে লেখা চিরকুটসহ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার ২২ নভেম্বর দুপুরে উপজেলার নবীনপুর গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা বস্তুটির গায়ে প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’

স্থানীয়রা জানান, কালো কসটেপে মোড়ানো বস্তুটি গ্রামের খেলার মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো এক যুবক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে হুমকিমূলক চিরকুট লিখে সেটি একটি বোমাসদৃশ বস্তুর গায়ে লাগিয়ে রেখে যায়। তবে প্রেমিকাকে উদ্দেশ্য করে এ ধরনের চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা এ থানায় প্রথম।