সারাদেশ

এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রোববার ২২ নভেম্বর আইনি প্রক্রিয়া শেষে আবদুল মালেক সর্দারকে আদালতে পাঠায় কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার ২১ নভেম্বর দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আবদুল মালেক সর্দার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। তিনি সংসদ সদস্য আমির হামজার চাচাতো চাচা।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আবদুল মালেক সর্দারকে আটকের পর রোববার সকালে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।