অপরাধ

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ এএম

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার ২২ নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। সংগঠনটির আগের কেন্দ্রীয় কমিটিতে তিনি উপপ্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এর আগে ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় তানিয়া আক্তার তাপসীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

২০২৩ সালের ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

টিএসসিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আয়োজিত একটি আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেত্রী ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ঘিরে ধরেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।