জাতীয়
হঠাৎ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার ২৩ নভেম্বর ঢাকা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস যাবেন তিনি। এরপর সেখান থেকে তার নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের দাবি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খলিলুর রহমান। তবে এর আগে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
আগামী ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকার পরিকল্পনা ছিল খলিলুর রহমানের। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে নির্ধারিত সময়ের এক দিন আগেই ঢাকা ছাড়ছেন তিনি। ঢাকায় অবস্থানকালে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূটনৈতিক অঙ্গনে এসব উদ্যোগের প্রতিফলন দেখা যেতে পারে।
ঢাকা ছাড়ার আগে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় আড়াই মাস পর গত শনিবার ঢাকায় ফেরেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য গত ৩১ আগস্ট ঢাকা ছাড়েন তিনি। গত সেপ্টেম্বরে অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন খলিলুর রহমান। তার সভাপতিত্বে জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সর্বশেষ নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দেন খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঢাকা ছাড়ার আগে গুরুত্বপূর্ণ দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
ওই কর্মকর্তা আরও জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর কিংবা শেখ হাসিনা ইস্যুও আলোচনায় থাকতে পারে।