অপরাধ

‘ঘরে বসে আয়’ অনলাইন চাকরির প্রলোভনে ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

‘ঘরে বসে আয়’ অনলাইন চাকরির প্রলোভনে ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের এক তরুণী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে এই প্রতারণা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর সদরের সাতগাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন ব্যবসায়ী। গত বছরের আগস্টে একটি টেলিগ্রাম পরিচিতি থেকে তার মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে খণ্ডকালীন চাকরির প্রস্তাব দেওয়া হয়। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি ভুয়া ওয়েবসাইটে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ইতিবাচক মূল্যায়ন দেওয়ার বিনিময়ে প্রতিদিন ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের প্রলোভন দেখানো হয়। বিশ্বাস অর্জনের জন্য শুরুতে তাকে কিছু টাকাও পাঠানো হয়।

পরে ওই ব্যবসায়ীকে একটি টেলিগ্রাম দলে যুক্ত করা হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। দলের অন্য সদস্যদের টাকা জমা দেওয়ার ভুয়া রসিদ দেখে আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী ২০২৫ সালের ২২ আগস্ট থেকে বিভিন্ন ধাপে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা পাঠান।

তবে প্রতিশ্রুতি অনুযায়ী মুনাফা বা মূলধন ফেরত না দিয়ে আরও টাকা দাবি করা হলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ওই ব্যবসায়ী। পরে তিনি আদালতে মামলা করেন।

সিআইডির তদন্তে জানা যায়, ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য শুরুতে প্রীয়ন্তী সরকার চিত্রার নামে নিবন্ধিত মোবাইল আর্থিক সেবার হিসাব থেকে পারিশ্রমিকের টাকা পাঠানো হয়েছিল।

সিআইডি আরও জানায়, এই মামলায় প্রীয়ন্তী ছাড়াও আরও ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অনলাইনে কাজের সুযোগ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় আয়ের প্রলোভনে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি।