সারাদেশ
টাঙ্গাইলে আবারও এক গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ছড়াচ্ছে আতঙ্ক
টাঙ্গাইলে এবার গোপালপুরে আরও একটি গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, গত সোমবার কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। পরে রাত আড়াইটার দিকে বিকট শব্দ ও আগুনের আভাস পেয়ে ওপরের তলায় থাকা সহকর্মী, পিয়ন ও নৈশপ্রহরী জেগে ওঠেন। এ সময় নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, আগুনে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় তিনজন জড়িত ছিল বলে বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ভিডিওতেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন জানান,
ওসি মোরাদ হোসেন বলেন, হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গেল শুক্রবার রাতে জেলার বাসাইল পৌর সভায় ও নাগরপুর উপজেলায় গয়হাটা গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। পর পর এমন ঘটনায় মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক মহল।