রাজধানী

ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক
ছবি: সংগৃহীত

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাই ও হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক সাংবাদিক গাউস রহমান পিয়াস। পরপর দুইবার ছিনতাইয়ের ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দ্বিতীয় ঘটনায় ছিনতাইকারীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

সাংবাদিক পিয়াসের ভাষ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে প্রথমবার ছিনতাইয়ের শিকার হন তিনি। এ ঘটনায় তিনি বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে একই থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন তিনি।

তবে মামলা দায়ের করে অফিস থেকে বাসায় ফেরার পথেই দ্বিতীয়বার ছিনতাইয়ের শিকার হন এই সাংবাদিক। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমন্ডি বয়েজ স্কুলের গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শেরেবাংলা নগর থানা এলাকার আওতাধীন।

পিয়াস জানান, দ্বিতীয়বার ছিনতাইয়ের সময় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। একপর্যায়ে ছুরি দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। হামলায় তিনি আহত হয়েছেন বলেও জানান।

এর আগে প্রথম দফায় ছিনতাইয়ের ঘটনায় দুর্বৃত্তদের একজন গাড়ি থেকে নেমে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনার বিচার চেয়ে থানায় মামলা করার পরও একই দিনে আবারও ছিনতাই ও হামলার শিকার হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

পরপর দুইবার ছিনতাই এবং দ্বিতীয় ঘটনায় শারীরিক হামলা ও হত্যার হুমকির মুখে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক গাউস রহমান পিয়াস। একই সঙ্গে এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও হতাশা ব্যক্ত করেছেন তিনি।