রাজধানী
জলাবদ্ধতা ও মশার উপদ্রব কমাতে কুতুবখালী খাল পুনঃখনন শুরু, উপকৃত হবেন ১৫ লাখ মানুষ
রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। খাল থেকে বর্জ্য ও পলি অপসারণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্যবর্ধনে দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগও নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড়ের গোলাপবাগ-সংলগ্ন এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশ পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন করা হবে। আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি (স্লাজ) অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।
খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনাও রয়েছে। ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে সিটি কর্পোরেশন। এর ফলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হওয়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগের ঝুঁকি হ্রাস পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম কুতুবখালী খাল। অতীতেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে। এমনকি তিনি দায়িত্ব গ্রহণের পরও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু খালে নিয়মিত পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে এটি বারবার ভরাট হয়ে যাচ্ছে।
তিনি বলেন, জনগণ সচেতন না হলে এবং নিজেদের দায়িত্ব নিজেরা পালন না করলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়। খাল পরিষ্কার রাখার দায়িত্ব সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিতে হবে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও পুনঃখননের পর কেউ যেন সেখানে আবার পলিথিন ও ময়লা-আবর্জনা না ফেলে। একই সঙ্গে খালের জায়গা দখল করে দোকানপাট স্থাপন থেকেও বিরত থাকতে হবে। এ বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করা জরুরি।
দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, ‘আমরা কোনো পরনির্ভরশীলতা চাই না, নিজেদের পায়ে দাঁড়াতে চাই এবং নিজের দেশ নিজেরাই গড়তে চাই। এ জন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।’
বিরোধী দলের নেতাকর্মীদের প্রতিও ঐক্যবদ্ধভাবে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আবদুস সালাম বলেন, ‘আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কার করি এবং ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করি। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই। সিটি কর্পোরেশন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।’
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু হয়েছে গত ১৬ নভেম্বর থেকে। এ কর্মসূচির অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ধারাবাহিক এই উদ্যোগের আওতায় এবার শুরু হলো দক্ষিণ ও উত্তর কুতুবখালী খালের সংস্কার কার্যক্রম।