রাজনীতি

সীমান্তে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষকেও পাহারার আহ্বান রাশেদ খাঁনের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

সীমান্তে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষকেও পাহারার আহ্বান রাশেদ খাঁনের
ছবি: সংগৃহীত

সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাশাপাশি সাধারণ জনগণকেও পাহারা বসানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত ও অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বেআইনি প্রক্রিয়ায় বাংলাদেশে পুশইনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সীমান্ত এলাকার জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খাঁন। পোস্টে তিনি সীমান্তবর্তী এলাকার মানুষকে বিজিবির পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সীমান্তের নিরাপত্তায় ভূমিকা রাখার কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলব, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্য কোনো অবৈধ বা বেআইনি প্রক্রিয়ায় তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা যুদ্ধের উসকানির শামিল।

রাশেদ খাঁন তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না। তবে আন্তর্জাতিক আইন ও প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে গ্রহণ করতে বাংলাদেশ প্রস্তুত। এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি লেখেন, বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে-এমন যেকোনো অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে, ইনশাআল্লাহ।

সীমান্তে সম্ভাব্য পুশইন ঠেকানো এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণের দাবিকে সামনে রেখে তাঁর এই বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।