সারাদেশ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান, আটক ২৭
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার এবং দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া থেকে বিরত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়।
থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, কোম্পানীগঞ্জে তিনজন, কবিরহাটে চারজন, সেনবাগে একজন, চরজব্বারে দুজন এবং হাতিয়া থানায় ছয়জনকে আটক করা হয়। তাঁদের প্রত্যেককে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বেগমগঞ্জ থানা এলাকায় পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং বাকি তিনজনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনাইমুড়ী থানা এলাকায় আটক পাঁচজনের মধ্যে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। অপর দুজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া চাটখিল থানা এলাকায় ১৫১ ধারায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের জন্য সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রমও জোরদার করা হবে।