সারাবিশ্ব

বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো
ছবি: সংগৃহীত

তিউনিসিয়ার একটি বিমানবন্দরে দীর্ঘ ৩৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ইরাকের দুটি বোয়িং ৭৪৭ বিমান বিক্রির উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে একটি বিমান একসময় ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকার ব্যবহার করত। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বিমান দুটি নিলামের মাধ্যমে বিক্রি করতে যাচ্ছে ইরাকি এয়ারওয়েজ। এ জন্য প্রতিটি বিমানের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লাখ মার্কিন ডলার। অর্থাৎ দুটি বিমানের মোট মূল্য ধরা হয়েছে ১৮ লাখ ডলার।

ইরাকের পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি ইরাকি এয়ারওয়েজের মালিকানাধীন বিমান দুটি বিক্রির ঘোষণা দিয়েছে। বর্তমানে বিমান দুটি দক্ষিণ তিউনিসিয়ার তোজার-নেফতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় বিমান দুটি বিক্রির অনুমোদন দেয়। এর আগে ২০২৩ সালে প্রতিটি বিমানের দাম ৪ লাখ ৯৪ হাজার ডলার নির্ধারণ করা হয়েছিল। সে সময় দুটি বিমানের মোট মূল্য চাওয়া হয়েছিল ৯ লাখ ৮৮ হাজার ডলার। তবে ওই উদ্যোগে বিক্রি সম্পন্ন হয়নি। এবার আগের তুলনায় প্রায় ৮২ শতাংশ বেশি দাম নির্ধারণ করা হয়েছে। ২০১০ সাল থেকে বাগদাদ একাধিকবার বিমান দুটি বিক্রির চেষ্টা করলেও তা সফল হয়নি।

যে কারণে তিউনিসিয়ায় আটকে পড়ে বিমান দুটি

বিক্রির জন্য নির্ধারিত বিমান দুটি হলো বোয়িং ৭৪৭-২০০ এবং বোয়িং ৭৪৭-এসপি মডেলের। ১৯৮২ সালে তৈরি এই বিমানগুলোতে প্র্যাট অ্যান্ড হুইটনির জেটি৯ডি মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে বোয়িং ৭৪৭-এসপি মডেলটি তুলনামূলকভাবে বিরল। মূল বোয়িং ৭৪৭ জাম্বো জেটের সংক্ষিপ্ত সংস্করণ হিসেবে তৈরি এই উড়োজাহাজ দীর্ঘ দূরত্বের যাত্রার উপযোগী ছিল। এ মডেলের বিমানও তুলনামূলকভাবে অল্পসংখ্যক তৈরি করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াই-আই-এ-এল-এম (YI-ALM) নিবন্ধন নম্বরের বিমানটি ১৯৯১ সালের ১ জানুয়ারি তিউনিসিয়ার তোজার-নেফতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির ভেতরে ভিআইপি সুবিধা ছিল। এতে ব্যক্তিগত কক্ষ, সম্মেলনকক্ষ এবং শোয়ার ব্যবস্থা-সংবলিত একটি লাউঞ্জ ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয়, বিমানটি মূলত ইরাকের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও বিশেষ ব্যক্তিদের ব্যবহারের উপযোগী করে সাজানো হয়েছিল।

১৯৯০ সালের আগস্টে কুয়েত আক্রমণের পর ইরাকের বিমানবহরকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তী সময়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক হামলার আশঙ্কায় ইরাক সরকার নিজেদের বেশ কিছু বিমান দেশের বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তোজার-নেফতা বিমানবন্দরে আশ্রয় নেওয়া এই দুটি বোয়িং বিমানও ছিল সেই বহরের অংশ। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও বিমান দুটি আর ইরাকে ফিরিয়ে নেওয়া হয়নি। এভাবেই তিন দশকেরও বেশি সময় ধরে সেগুলো তিউনিসিয়ার বিমানবন্দরে পড়ে রয়েছে।

নিলামে অংশ নিতে দিতে হবে মোটা অঙ্কের জামানত

ইরাকি এয়ারওয়েজের বিক্রয় বিজ্ঞপ্তি অনুযায়ী, নিলামে অংশ নিতে আগ্রহী ক্রেতাদের নির্ধারিত মূল্যের ২০ শতাংশ অর্থ জামানত হিসেবে জমা দিতে হবে। সে হিসাবে প্রতিটি বিমানের জন্য জামানতের পরিমাণ ১ লাখ ৮০ হাজার ডলার। দুটি বিমান একসঙ্গে কিনতে আগ্রহীদের জমা দিতে হবে মোট ৩ লাখ ৬০ হাজার ডলার। পাশাপাশি নিলামে অংশগ্রহণের আইনগত যোগ্যতা প্রমাণে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিতে হবে।

নিলামে বিজয়ী ক্রেতাকে নির্ধারিত ক্রয়মূল্যের অতিরিক্ত ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এ ছাড়া বিক্রির বিজ্ঞাপনসংক্রান্ত খরচও বহন করতে হবে। তবে বিমান দুটি যে অবস্থায় এবং যে স্থানে রয়েছে, ঠিক সেই অবস্থাতেই বিক্রি করবে ইরাকি এয়ারওয়েজ। এ ক্ষেত্রে বিমানের কোনো ধরনের প্রযুক্তিগত নিশ্চয়তা বা ওয়ারেন্টি দেওয়া হবে না।

বিমান দুটির মালিকানা হস্তান্তর, শুল্ক ও কাস্টমসসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং পরিবহনের যাবতীয় দায়িত্ব নিতে হবে ক্রেতাকে। এমনকি বিমান বুঝে নেওয়ার পর বিমানবন্দরে অবস্থানকালীন পার্কিং খরচও বহন করতে হবে নতুন মালিককে।

দীর্ঘ ৩৫ বছর ধরে তিউনিসিয়ায় পড়ে থাকা বিমান দুটি বিক্রির মাধ্যমে ইরাক একদিকে যেমন অব্যবহৃত সম্পদ থেকে অর্থ পাবে, অন্যদিকে তেমনি এগুলোর রক্ষণাবেক্ষণসংক্রান্ত ব্যয় ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের জটিলতা থেকেও মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হবে। একসময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যবহারের জন্য প্রস্তুত করা বিমান দুটি শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে নতুন মালিকের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ইরাক সরকার।