জাতীয়

উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী
ছবি: সংগৃহীত

উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, জলবায়ুজনিত দুর্যোগ থেকে সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে দেশের সার্বিক উন্নয়ন, চলমান বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক শেষে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলার মূলত উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে আরও টেকসই করার কাজে ব্যয় করা হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত প্রতিকূলতা থেকে উপকূলীয় জনগোষ্ঠীকে কীভাবে সুরক্ষা দেওয়া যায়, সে বিষয়টি প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হবে। পাশাপাশি স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও মানুষের জীবিকার সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা এবং রাজধানীকে আরও বাসযোগ্য ও নাগরিকবান্ধব করে গড়ে তোলার বিষয়েও নতুন একটি প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজধানীর নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ঢাকার একটি বা দুটি বস্তি এলাকাকে মডেল হিসেবে নির্বাচন করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, কড়াইল, ভাসানটেকসহ কয়েকটি বস্তি এলাকাকে সম্ভাব্য মডেল প্রকল্পের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এসব এলাকায় বসবাসরত দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কী ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মডেল প্রকল্প তৈরি করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহযোগিতা দিতে সম্মত হয়েছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে একটি পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেখানে কী ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব, তা নিয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি জানান, আলোচনার ভিত্তিতে নতুন একটি পাইলট কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিশ্বব্যাংক সহযোগিতা করবে। ঢাকার যেসব এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জিং, সেসব এলাকায় কীভাবে কার্যকর পরিবর্তন আনা যায়, তা যাচাই করাই হবে এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতা পরবর্তী সময়ে বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কাজে লাগানো হবে।

জ্যঁ পেসমে আরও বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়নে শুধু ভৌত অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবিকা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ কারণে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য চলমান সহায়তা কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতের উন্নয়ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। ছোট পরিসরে পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে কীভাবে শহরের বাসিন্দাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান বিশ্বব্যাংকের এই প্রতিনিধি।

বৈঠকে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে। তুলনামূলক কম সুদে অর্থায়নের সুযোগ থাকায় দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক বরাবরই অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচিত হয়ে আসছে।