জাতীয়
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: বন্ধ ৫০ কারখানার উৎপাদন, সংঘর্ষে আহত ২০
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলের ৫০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ, ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং তিনটি কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন। এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দেন। তাঁরা কারখানার প্রবেশপথে কার্ড পাঞ্চ করে হাজিরাও নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতির একপর্যায়ে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকজন শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে শ্রমিকদের মধ্যে ছত্রভঙ্গের ঘটনা ঘটে এবং সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যায়ক্রমে ২৫টি কারখানায় সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানা থেকে বেরিয়ে যান। তবে তিনটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখলেও কারখানার ভেতরেই অবস্থান করছেন।
এ ছাড়া চলমান শ্রমিক অসন্তোষের বাইরে আগে থেকেই বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ধারায় মূলত ‘কাজ নেই, মজুরি নেই’ নীতির ভিত্তিতে কারখানা বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে সোমবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৫০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। তবে বেলা বাড়ার পর ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, তৈরি পোশাক কারখানাগুলো চালু রাখার জন্য মালিকপক্ষকে আহ্বান জানানো হয়েছে। কারখানার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। এ জন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং তিনটি কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখেছেন। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আগে থেকেই ২৩টি কারখানা বন্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসন এবং কারখানার উৎপাদন স্বাভাবিক