জাতীয়
হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচের কদর এখন মধ্যপ্রাচ্যেও, বাড়ছে রপ্তানি
চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি লাল মরিচের সুনাম দীর্ঘদিনের। একসময় স্থানীয় বাজার ও দেশের বিভিন্ন অঞ্চলে এই মরিচের চাহিদা থাকলেও এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এর খ্যাতি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হাটহাজারীর বিখ্যাত এই মরিচ। স্বতন্ত্র ঘ্রাণ, আকর্ষণীয় রং এবং তুলনামূলক কম ঝালের কারণে দেশি-বিদেশি ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হালদা নদীর তীরবর্তী এলাকায় উৎপাদিত এই কৃষিপণ্য।
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অববাহিকায় বছরের পর বছর ধরে স্থানীয় কৃষকরা এই মরিচের চাষ করে আসছেন। হাটহাজারীর গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল ও গড়দুয়ারাসহ বিভিন্ন এলাকায় এর আবাদ হয়। হালদা নদীর তীরবর্তী উর্বর জমি, মাটির বিশেষ বৈশিষ্ট্য এবং অনুকূল আবহাওয়ার কারণে এই মরিচের স্বাদ, ঘ্রাণ ও রঙে স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি হয়েছে। এ কারণে এটি ‘হালদা মরিচ’ নামেও পরিচিত।
হাটহাজারীর মিষ্টি মরিচ বলতে স্বাদে মিষ্টি কোনো মরিচকে বোঝায় না। বরং এর বিশেষ বৈশিষ্ট্য হলো মিষ্টি ধরনের মন মাতানো ঘ্রাণ এবং তুলনামূলক কম ঝাল। এই মরিচ দিয়ে রান্না করা তরকারিতে স্বাদ, ঘ্রাণ ও রঙের ভিন্নতা আসে। ব্রিটিশ আমল থেকেই গৃহিণী ও রন্ধনশিল্পীদের কাছে এই মরিচের বিশেষ কদর রয়েছে। শুধু তরকারি রান্না নয়, কাঁচা মরিচ হিসেবে সালাদ ও চাটনি তৈরিতেও এর ব্যবহার বেশ জনপ্রিয়।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে হালদা নদীর তীরবর্তী এলাকা ও চরে কয়েকশ একর জমিতে এই মরিচের চাষ হয়। প্রাকৃতিক পরিস্থিতি অনুকূলে থাকলে প্রতি মৌসুমে একজন কৃষক প্রায় ৪০ থেকে ৬০ হাজার টাকার মরিচ বিক্রি করতে পারেন। এক ফসলের আবাদ শুরু করতে কৃষকদের প্রাথমিকভাবে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। উৎপাদন ও বাজারদর ভালো থাকলে খরচের তুলনায় দ্বিগুণ পর্যন্ত লাভের সম্ভাবনা থাকে।
হালদা মরিচের অন্যতম বৈশিষ্ট্য এর আকর্ষণীয় রং ও সুঘ্রাণ। শুকনো অবস্থায় মরিচের রং হয় টকটকে কালচে লাল এবং কাঁচা অবস্থায় থাকে হলুদাভ সবুজ। আকারে সাধারণত ২ দশমিক ৫ থেকে ৪ ইঞ্চি লম্বা হয়। মরিচগুলো তুলনামূলক মোটা ও এর খোসা পাতলা। প্রতিটি গাছে প্রায় ৫০ থেকে ৮০টি মরিচ ধরে। গাছের উচ্চতা হয় সাড়ে ৩ থেকে ৪ ফুট। এই মরিচের জীবনকাল ১২০ থেকে ১৩০ দিন এবং হেক্টরপ্রতি ফলন প্রায় ১ দশমিক ৫ থেকে ২ মেট্রিক টন। সাধারণত রবি মৌসুমে এর আবাদ করা হয়।
হালদা নদীর তীরবর্তী জৈব পদার্থসমৃদ্ধ ও পানি নিষ্কাশনের উপযোগী দোআঁশ মাটি এই মরিচ চাষের জন্য বিশেষ উপযোগী। স্থানীয় কৃষকদের মতে, হাটহাজারীর বেলে-দোআঁশ মাটি ও এখানকার জলবায়ুর কারণে মরিচের ফলন ভালো হয় এবং এর স্বতন্ত্র গুণাগুণ বজায় থাকে। শুধু হাটহাজারী নয়, হালদা নদীর অববাহিকায় অবস্থিত রাউজান ও ফটিকছড়ি উপজেলাতেও একই জাতের মরিচের চাষ হয়। তবে একই বীজ ব্যবহার করে চাষাবাদ করা হলেও হাটহাজারীর মরিচের প্রতি ক্রেতাদের আকর্ষণ তুলনামূলক বেশি। দূর-দূরান্ত থেকে ক্রেতারা এই মরিচ কিনতে হাটহাজারীতে ছুটে আসেন।
দামের দিক থেকেও অন্যান্য মরিচের তুলনায় এগিয়ে রয়েছে হালদা মরিচ। বাজারের চাহিদা ও মৌসুমভেদে প্রতি কেজি মরিচ ৩৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সাধারণ দেশি ও অন্যান্য জাতের মরিচের তুলনায় এর দাম কেজিতে প্রায় ৫০ থেকে ১০০ টাকা বেশি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিশেষ গুণাগুণ ও বাজারে চাহিদার কারণে তুলনামূলক বেশি দামেও এই মরিচ কিনতে আগ্রহী ক্রেতারা।
যেখানে পাওয়া যায় হালদা পাড়ের মিষ্টি মরিচ
হাটহাজারী উপজেলা সদরের কাচারি সড়কের মাঝামাঝি অবস্থিত ‘মরিচ হাটার গলি’তে প্রতি রোববার ও বৃহস্পতিবার এই মরিচের কেনাবেচা হয়। উপজেলার অন্যান্য বাজারের তুলনায় এখানে হালদা মরিচ অপেক্ষাকৃত সুলভ দামে পাওয়া যায় বলে স্থানীয় ক্রেতারা জানান। তবে অন্যান্য মরিচের তুলনায় এর দাম প্রায় দ্বিগুণ হলেও চাহিদায় তেমন ভাটা নেই। শীত মৌসুমে এই মরিচের চারা ও বীজ কিনতেও বিভিন্ন এলাকার কৃষকরা ওই বাজারে ভিড় করেন। বিশেষ করে ফটিকছড়ি, রাউজানসহ আশপাশের বিভিন্ন এলাকার চাষিরা নতুন মৌসুমের আবাদ শুরুর প্রস্তুতি হিসেবে এখান থেকে বীজ ও চারা সংগ্রহ করেন।
স্থানীয় কৃষকদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের কাছেও হালদা মরিচের ব্যাপক চাহিদা রয়েছে। পৌর সদরের মোহাম্মদপুর এলাকা থেকে মরিচ কিনতে আসা আলমগীর জানান, বর্তমানে হাটহাজারীর মিষ্টি মরিচ প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলার অন্যান্য বড় বাজারের তুলনায় হাটহাজারী বাজারে এই মরিচ তুলনামূলক কম দামে পাওয়া যায়। এ কারণে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা মরিচ হাটার গলিতে আসেন। তবে হাটহাজারীর নাম ব্যবহার করে বিভিন্ন কোম্পানি যে মরিচ বাজারজাত করছে, সেগুলোর উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, এসব কোম্পানি স্থানীয় কৃষকদের কাছ থেকে মরিচ কেনে না। তাহলে কীভাবে সেগুলো হাটহাজারীর মরিচ হিসেবে বাজারজাত করা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার বাসিন্দা মিনুওয়ারা বেগম জানান, হাটহাজারীর মিষ্টি মরিচ দিয়ে রান্না করা তরকারির স্বাদ ও ঘ্রাণ অন্য মরিচের তুলনায় আলাদা। অন্যান্য এলাকার মরিচের চেয়ে এর দাম কেজিতে অন্তত ২০০ টাকা বেশি হলেও তিনি এই মরিচ কিনতে আগ্রহী। শুধু নিজেদের রান্নার জন্যই নয়, দেশের বাইরে থাকা স্বজনদের কাছেও এই মরিচ পাঠান তাঁরা। এ জন্য মরিচ শুকিয়ে গুঁড়া করে ক্রসিং মিলের মাধ্যমে প্রস্তুত করে বিদেশে পাঠানো হয়।
সংরক্ষণ ও আবাদ বাড়াতে কৃষি বিভাগের উদ্যোগ
দীর্ঘদিন ধরে চাষাবাদ, বীজ উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করায় হালদা মরিচের জাতগত বৈশিষ্ট্য ও গুণাগুণ ধীরে ধীরে হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে রোগবালাইয়ের প্রতি সহনশীলতা ও ফলনক্ষমতাও কমে আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে এই দেশীয় জাতের মরিচ চাষে কৃষকদের আগ্রহ কিছুটা কমছে। অন্যদিকে অধিক ফলনের আশায় অনেক কৃষক হাইব্রিড মরিচ চাষের দিকে ঝুঁকছেন। এতে ঐতিহ্যবাহী হালদা মরিচের আবাদ ও স্বতন্ত্র জাত হিসেবে এর অস্তিত্ব রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে হালদা মরিচের আবাদ বাড়াতে কয়েকটি সমন্বিত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে উপজেলা কৃষি অফিস। এর মধ্যে রয়েছে হালদা মরিচের জার্মপ্লাজম সংগ্রহ, জাতটির বৈশিষ্ট্য নিরূপণ এবং উচ্চফলনশীল জাত হিসেবে উন্নয়নে বিশেষ গবেষণা কার্যক্রম গ্রহণ ও প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা। পাশাপাশি বিশুদ্ধ বীজ উৎপাদন, সংরক্ষণ এবং রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মাটির জৈব পদার্থ বৃদ্ধি ও স্বাস্থ্য পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ এবং ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার সুপারিশ করা হয়েছে। হালদা মরিচকে স্থানীয় কৃষি ঐতিহ্য হিসেবে সংরক্ষণ, এর স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠা, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন এবং দেশি-বিদেশি বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি কৃষক সমবায় বা ‘হালদা মরিচ উৎপাদক গ্রুপ’ গঠন করে উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারি সহায়তা প্রদান এবং মরিচ প্রক্রিয়াজাতকরণে নতুন উদ্যোক্তা তৈরির সুপারিশ করা হয়েছে।
হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশনায় হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালদা মরিচের আবাদ সম্প্রসারণে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২২ বিঘা জমিতে এ কার্যক্রমের আওতায় চাষাবাদ শুরু হয়েছে। এসব জমিতে নিবিড় পরিচর্যা ও নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে হালদা মরিচের উৎপাদন ও গুণগত মান বাড়ানোর পাশাপাশি হাটহাজারী উপজেলার নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অন্যান্য কৃষকদেরও এই ঐতিহ্যবাহী মরিচ চাষে উদ্বুদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় কৃষির ঐতিহ্য, স্বতন্ত্র স্বাদ ও ঘ্রাণের কারণে হাটহাজারীর মিষ্টি মরিচ ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পাচ্ছে। তবে এই সম্ভাবনাকে দীর্ঘস্থায়ী করতে হলে বিশুদ্ধ বীজ সংরক্ষণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি এবং সঠিক বাজারজাতকরণ নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে হালদা মরিচ একদিকে যেমন হারিয়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে, অন্যদিকে দেশের কৃষিপণ্যের রপ্তানি বাজারেও আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।