জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘ভিভিআইপি’ ঘোষণা করল ঢাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘ভিভিআইপি’ ঘোষণা করল ঢাকা
ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফরকে কেন্দ্র করে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রোববার ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এই ঘোষণার ফলে বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন।

এর আগে চলতি বছরের জুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।