সারাবিশ্ব
হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষায় প্রাণ হারিয়েছেন ৪০০ জন
পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেও সৌদি আরবে যেতে পারছেন না ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ১০ হাজার মানুষ। বছরের পর বছর অপেক্ষার মধ্যে নিবন্ধিত এসব মানুষের প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধ থাকায় তাদের হজযাত্রা এখনো অনিশ্চিত।
সোমবার ১৬ নভেম্বর ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গাজার হজ ও ওমরাহ ভ্রমণ সংস্থা সমিতির প্রধান মোহাম্মদ আল আস্তালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনো অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন হজে যাওয়ার আগেই মারা গেছেন।
মোহাম্মদ আল আস্তাল জানান, ভবিষ্যতে হজযাত্রার সুযোগ তৈরি হলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া নিবন্ধিত কোনো হজপ্রত্যাশী মারা গেলে তার পরিবারের সদস্যদের সেই সুযোগ দেওয়ার বিষয়েও কাজ করছে সংশ্লিষ্ট সংগঠন।
প্রতিবেদনে বলা হয়, রাফাহ সীমান্ত দিয়ে চলাচলে বিধিনিষেধের কারণে গাজার বাসিন্দারা হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। সৌদি আরব হজযাত্রীদের গ্রহণে প্রস্তুত রয়েছে এবং মিসরও যাতায়াত সহজ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন আল আস্তাল। তবে গাজা থেকে নিরাপদে সৌদি আরবে যাওয়া এবং হজ শেষে নিজ এলাকায় ফেরার নিশ্চয়তা চান তিনি।
গাজার জন্য প্রতিবছর হজযাত্রীর কোটা নির্ধারিত রয়েছে প্রায় ২ হাজার ৫০৮ জন। ফিলিস্তিনের জন্য বরাদ্দ মোট ৬ হাজার ৬০০ জনের কোটার মধ্যে গাজার এই অংশ নির্ধারণ করা হয়েছে। তবে সীমান্তে বিধিনিষেধের কারণে গত কয়েক বছর ধরে এই সুযোগ কাজে লাগাতে পারছেন না নিবন্ধিত হজপ্রত্যাশীরা।
২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের হজ মৌসুমে গাজার ফিলিস্তিনিরা হজে যেতে পারেননি। ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর যাতায়াতের ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। এমনকি কয়েকজন হজপ্রত্যাশী মক্কা ও মদিনায় থাকার জায়গা এবং যাতায়াতের ব্যবস্থাও করে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের হজযাত্রা বাতিল হয়ে যায়।
২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে গাজার অপেক্ষমাণ হজপ্রত্যাশীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বছরের পর বছর অপেক্ষায় থাকা এসব মানুষের দাবি, নিরাপদে সৌদি আরবে যাওয়া এবং হজ শেষে নিজ দেশে ফেরার জন্য কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।