সারাদেশ
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
সোমবার ২৩ নভেম্বর সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন মনিরা আক্তার (৩০), তার সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) এবং তরিকুল ইসলাম (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ২২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন।
পরে দগ্ধদের উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।