সারাদেশ
অবসরের মাত্র চার মাস আগে ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ পরিদর্শকের
ঝালকাঠিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ (৫৯) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রবিবার ২২ নভেম্বর সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন। চাকরি থেকে অবসরে যাওয়ার মাত্র চার মাস বাকি ছিল তার।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালন শেষে অসুস্থ বোধ করলে প্রথমে পুলিশ লাইনে বিশ্রাম নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ডেঙ্গু শনাক্ত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার এমন মৃত্যুতে জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।