শিক্ষা
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ করা হবে। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে।
রোববার আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল গত ৩১ অক্টোবর প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের ফল জানতে পারবেন-
ওয়েবসাইটে: শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে rescrutiny.eduboardresults.gov.bd প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর ২০২৬ নির্বাচন করে সাবমিট করতে হবে।
পিডিএফে : নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ‘HSC Re-scrutiny Changed Result 2026’ শিরোনামের পিডিএফ ডাউনলোড করে রোল নম্বর দিয়ে খুঁজলে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড দেখা যাবে।
এসএমএসে: আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। ফেল থেকে পাস কিংবা গ্রেড পরিবর্তন হলে এ বার্তার মাধ্যমে তা জানানো হবে।