শিক্ষা
এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
এইচএসসি পরীক্ষায় পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। পোস্টে উল্লেখ করা হয়, পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছেন মন্ত্রী। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা খাতের মানোন্নয়ন এবং হতাশাজনক ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি জোরদার করতে মন্ত্রণালয় এই কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৯১টি। অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছেন ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
পরীক্ষার ফলাফল অনুযায়ী, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে হিসাবে মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।