জাতীয়
তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান কথিত বান্ধবী দিশা, গ্রেপ্তার হলেন যেভাবে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, গণমাধ্যমে নাম প্রকাশের পর থেকেই আত্মগোপনে ছিলেন দিশা। মরদেহ উদ্ধারের আগে তিনি তাহসিফ সৌরির বাসার ঠিক বিপরীতে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করেন তিনি।
শনিবার রাতে খালার বাসায় গিয়ে একজনকে নিজের নিরাপদে থাকার কথা জানান দিশা। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এবং রাতে তাকে গ্রেপ্তার করে।
এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে যান তাহসিফ, দীপ ও দিশা। তারা একটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে আসেন দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।
রেস্টুরেন্টের আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী লিফটের সামনে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে তারা মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।
রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তিনজন কোথায় গিয়েছিলেন, সে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তার বক্তব্যে অসংগতি পাওয়া যায়। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করেন পিবিআইয়ের তদন্তকারীরা।