সারাবিশ্ব

নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার ইঙ্গিত ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার ইঙ্গিত ট্রাম্পের
ছবি: সংগৃহীত

পরবর্তী হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে র‍্যাপ সংগীতশিল্পী নিকি মিনাজের নাম বিবেচনা করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি ভালো ধারণা এবং বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনা করবেন।

শুক্রবার ৩০ অক্টোবর ফ্লোরিডায় এক সাক্ষাৎকারে ডানপন্থী রাজনৈতিক বিশ্লেষক বেনি জনসন ট্রাম্পের কাছে জানতে চান, নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করা উচিত কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘ওটা একটা ভালো ধারণা। আমি এ নিয়ে চিন্তাভাবনা করব।’

এরপর বেনি জনসনের দিকে ফিরে ট্রাম্প বলেন, ‘তোমার কথা বললে কেমন হয়? তুমিও বেশ ভালো করবে।’ তবে তার এই মন্তব্যকে হালকা রসিকতা হিসেবে দেখা হচ্ছে। নিকি মিনাজ কিংবা জনসনকে সত্যিই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

গত ৬৫ দিনের মধ্যে ৬০ দিনই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ খালি থাকার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গত ২৭ আগস্ট ক্যারোলিন লিভিট দায়িত্ব ছাড়ার পর ৪৫ দিন পদটি শূন্য ছিল। পরে কেটি জাকারিয়া দায়িত্ব নিলেও মাত্র ১৪ মিনিটের একটি ব্রিফিং পরিচালনার পর পাঁচ দিনের মাথায় পদত্যাগ করেন। এরপর আরও ১৫ দিন পদটি খালি থাকে।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং শনিবার এক ইমেইল বার্তায় নিউজউইককে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল মধ্যবর্তী নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নিজেই সবচেয়ে কার্যকর বার্তাবাহক এবং রিপাবলিকান পার্টির অনুপ্রেরণার উৎস। তিনি সারা দেশে ঘুরে সরাসরি মার্কিন জনগণের কাছে তার আমেরিকা ফার্স্ট কর্মসূচির প্রচার অব্যাহত রাখবেন।

এর আগে স্টিভেন চেউং বিমানবাহিনীর একটি উড়োজাহাজ থেকে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লেখেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার মনে হয় আমরা হয়তো নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারিকে পেয়ে গেছি!’

ওই পোস্টে নিকি মিনাজ যুক্তরাষ্ট্রের পতাকা ও হাসির প্রতীক দিয়ে প্রতিক্রিয়া জানান। এতে তাকে প্রেস সেক্রেটারি করার সম্ভাবনা নিয়ে আলোচনা আরও বাড়ে। গত ২৫ অক্টোবর মিশিগানের পোর্ট হুরন শহরে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়ও তাকে দেখা যায়। সেখানে তিনি ট্রাম্পের প্রতি সমর্থন জানান।

এদিকে পূর্বাভাসভিত্তিক বাজার কলশি ও পলিমার্কেটের তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হওয়ার সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছেন প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যালেক্সা কেলি। ওই দুই বাজারে তার নামের বিপরীতে যথাক্রমে ১৯ শতাংশ সম্ভাবনার তথ্য উঠে এসেছে।

সম্ভাব্য অন্য নামগুলোর মধ্যে রয়েছেন সিএনএনের বিশ্লেষক স্কট জেনিংস, হ্যারিসন ফিল্ডস, মার্গো মার্টিন, নাটালি হার্প, মরিয়া বার্টিরামো, এলিজাবেথ পিপকো ও বেন ফার্গুসন। নিকি মিনাজের ক্ষেত্রে পলিমার্কেটে ৩ শতাংশ এবং কলশিতে ৫ শতাংশ সম্ভাবনার তথ্য দেখা গেছে। এ বিষয়ে স্কট জেনিংস আগে মন্তব্য করেছিলেন, ‘আমি জানি না কী হতে যাচ্ছে।’

প্রেস সেক্রেটারি পদে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প এর আগে মার্গো মার্টিনের নামও উল্লেখ করেছিলেন। তিনি বলেন, ‘সম্ভবত মার্গো? মার্গো সম্পর্কে আপনার কী মনে হয়? হয়তো মার্গো।’

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে, মধ্যবর্তী নির্বাচনের আগে এ পদে স্থায়ী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম।

সূত্র: নিউজউইক