রাজনীতি

কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও নায়েবে আমিরের পদ বাতিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও নায়েবে আমিরের পদ বাতিল
ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির এমদাদুল হক মামুনের দলীয় সব পদ বাতিল করেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব।

রোববার ১ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

এর আগে গত ২৬ অক্টোবর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কুমিল্লা মহানগর জামায়াতের দুই নেতার সব পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কাজী দ্বীন মোহাম্মদের মহানগর আমির পদের পাশাপাশি দলের কেন্দ্রীয় তালিকাভুক্ত সদস্যপদ বা রুকন পদও বাতিল করা হয়েছে। একইভাবে মহানগর জামায়াতের নায়েবে আমির একেএম এমদাদুল হকের নায়েবে আমির পদ ও রুকনিয়াত বাতিল করা হয়েছে।

দলটির ঊর্ধ্বতন সূত্র জানায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িও ভাঙচুর করা হয়।

এ ঘটনার পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দুই নেতার সব পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, দুই নেতার সব পদ বাতিল করা হয়েছে। বর্তমানে তারা দলের সহযোগী সদস্য হিসেবে রয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।