জাতীয়
পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা।
রোববার ১ নভেম্বর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে, গত ২৫ অক্টোবর অধ্যাপক শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের ১ উপঅনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের ১ উপঅনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে, তিনি পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।