সারাবিশ্ব

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে শত্রুভাবাপন্ন গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটির সরকার।

রোববার ১ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সময় ব্রিটিশ সামরিক ঘাঁটি ও স্থাপনা ব্যবহারের পাশাপাশি রসদ সরবরাহের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে তেহরান।

এ ছাড়া গত ১৩ জুলাই যুক্তরাজ্যের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে তালিকাভুক্ত করার সিদ্ধান্তকেও পাল্টা পদক্ষেপের কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে সিদ্ধান্তগুলো কার্যকর হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এবং ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ