সারাবিশ্ব

ইরানের পর এবার শক্তিশালী ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

ইরানের পর এবার শক্তিশালী ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার
ছবি: সংগৃহীত

যুদ্ধক্ষেত্রে অস্ত্রের কার্যকারিতা ও ধ্বংসক্ষমতা যাচাই করতে ক্লাস্টার ওয়ারহেডবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার ১ নভেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন এ পরীক্ষা পরিচালনা করে। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির একটি বিভাগের প্রথম উপপরিচালক জেনারেল কিম জং সিক পরীক্ষাটি তদারকি করেন।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গবেষণা ইনস্টিটিউট ও ওয়ারহেড গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, পরীক্ষায় ‘টাইপ-২ স্ট্যান্ডার্ড ক্লাস্টার ওয়ারহেড’-এর সক্ষমতা যাচাই করা হয়েছে। তাদের দাবি, এই ওয়ারহেডের মাধ্যমে প্রায় ১২ থেকে ১৩ হেক্টর এলাকাজুড়ে ব্যাপক বিস্ফোরণ ঘটানো সম্ভব।

দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসনের প্রধান জানিয়েছেন, ক্লাস্টার বোমার ওয়ারহেডকে বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী এবং সাধারণ ধরনসহ মোট চারটি শ্রেণিতে ভাগ করেছে উত্তর কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ চার ধরনের ওয়ারহেডই সামরিক ইউনিটগুলোর কাছে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, অভিযানের লক্ষ্য ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বৈশিষ্ট্য বিবেচনায় সামরিক ইউনিটগুলো এসব ওয়ারহেড নির্বাচন করতে পারবে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন বলেছে, অস্ত্রব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ক্লাস্টার বোমাবাহী ক্ষেপণাস্ত্রও ছিল, যা ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানে।

ক্লাস্টার ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় আকাশেই অসংখ্য ছোট ছোট বিস্ফোরক অংশে বিভক্ত হয়ে পড়ে। ফলে বিস্তৃত এলাকায় ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর ২০ থেকে ৮০টি ছোট অংশে বিভক্ত হতে পারে। প্রতিটি অংশে প্রায় আড়াই কেজি বিস্ফোরক থাকে, যা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

সূত্র: আনাদোলু এজেন্সি