সারাবিশ্ব

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন। শনিবার ৩১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেছেন তারা।

৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুজনের কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে তিনি নিধি রাজদানকেও যুক্ত করেন। অন্যদিকে, ৪৯ বছর বয়সী নিধি রাজদান নিজের পোস্টে লেখেন, ‘ইটস ডান ব্রো।’

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিয়ের আগে শ্রীনগরে দুই পরিবারের সদস্যদের নিয়ে ছোট পরিসরে একটি আয়োজন করা হয়। সেখানে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমর আবদুল্লাহর বাবা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ এবং মা মলি আবদুল্লাহ। এ ছাড়া তার তিন বোন ও পরিবারের অন্য ঘনিষ্ঠ সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। নিধি রাজদানের বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও উপস্থিত ছিলেন।

এর আগে ওমর আবদুল্লাহর প্রথম বিয়ে নিয়ে কয়েক বছর ধরে আইনি বিরোধ চলছিল। পায়েল আবদুল্লাহর সঙ্গে সেই সংসারে তার দুই ছেলে রয়েছে। দীর্ঘদিন আলাদা থাকার পর পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। পরে গত জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।

আদালতের ওই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিভিন্ন আদালতে চলমান তাদের বৈবাহিক বিরোধের অবসান ঘটে। একই সঙ্গে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে সম্মত হন।

জুলাইয়ে ওমর আবদুল্লাহর পক্ষে আদালতে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চকে জানান, মধ্যস্থতার মাধ্যমে দম্পতি তাদের বকেয়া বিরোধগুলো মিটিয়ে নিয়েছেন। ভারতের সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে বিবাহবিচ্ছেদের জন্য যৌথ আবেদনও করেছেন তারা।

সিবাল আদালতকে বলেন, ‘তারা দুজনই স্বাধীনতা গ্রহণ করেছেন। সবকিছু মিটে গেছে। মাননীয় আদালত বিবাহবিচ্ছেদের অনুমতি দিতে পারেন। অন্য সব বিষয় প্রত্যাহার করা হবে।’

আদালত দুই পক্ষের সমঝোতা গ্রহণ করেন এবং সেই শর্ত অনুযায়ী মামলার নিষ্পত্তির কথা জানান। বিচারপতি নরসিমা বলেন, পক্ষগুলোর মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট আদেশ দেবেন।

সূত্র: এনডিটিভি