সারাবিশ্ব
যুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, বিপাকে ভারত পুলিশ
ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানক্ষেত থেকে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। শুক্রবার নারায়ণপুর থানার অধীন লেতেকুজান গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এক কিশোর গরু চরাতে গিয়ে ধানক্ষেতে কয়েকটি বেলুন দেখতে পায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।
বেলুনের সঙ্গে থাকা ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা লেখা ছিল। ব্যানারে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও দেখা যায়।
এদিকে, বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে একই ধরনের ব্যানারযুক্ত বেলুন ওড়ানোর দৃশ্য দেখা গেছে।
গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।
তবে বেলুনগুলো বাংলাদেশের কোন স্থান থেকে ওড়ানো হয়েছিল এবং কীভাবে ভারতের আসামের ওই গ্রামে গিয়ে পৌঁছেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
সূত্র: নর্থইস্ট নাউ