সারাদেশ
অনৈতিক কর্মকাণ্ডে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন এলাকাবাসী
নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া জামায়াতে ইসলামীর নেতা তাইজুল ইসলামের বসতঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার ১ নভেম্বর সকালে মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ব্যানার হাতে শাস্তির দাবিতে কয়েকশ নারী ও পুরুষ একত্রিত হন। একপর্যায়ে তাদের মধ্য থেকে কয়েকজন তাইজুল ইসলামের বসতঘরে ভাঙচুর চালান।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজি পেশায় যুক্ত। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের দায়িত্ব পালন করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই ইউনিয়নে দলটির প্রচার-প্রচারণার দায়িত্বেও ছিলেন তিনি। স্থানীয়দের কাছে তিনি নিলখী ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে পরিচিত ছিলেন।
গত ২৫ অক্টোবর তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে গ্রামের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে, ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগসংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, তাইজুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, সকালে অভিযুক্ত তাইজুল ইসলামের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন বলে তিনি জানতে পেরেছেন। পরে কয়েকজন তার বাড়িঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।