ধর্ম

ঢাকায় আসছেন মুসলিম বিশ্বের খ্যাতিমান আলেম মুফতি তাকি উসমানি


ধর্ম ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

ঢাকায় আসছেন মুসলিম বিশ্বের খ্যাতিমান আলেম মুফতি তাকি উসমানি
ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ ও বিশিষ্ট ফকিহ মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২২ নভেম্বর রোববার তিনি ঢাকায় পৌঁছাবেন। সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।

রোববার ১ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি জানান, আগামী ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি।

এ ছাড়া বাংলাদেশ সফরকালে তিনি আরও কয়েকটি ইসলামি সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীর। তিনি পাকিস্তানের মুলতানে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান খাইরুল মাদারিসের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুফতি মুহাম্মদ তাকি উসমানির পরিচিতি

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। হাদিস, ফিকহ ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিশেষভাবে পরিচিত।

ইসলামি জ্ঞানচর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি বিচার বিভাগেও দায়িত্ব পালন করেছেন তিনি। পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও তিনি।

তার বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সফরকালে বিভিন্ন ইসলামি সম্মেলনে তার অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।