ধর্ম
যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব নেননি শায়খ আহমাদুল্লাহ
আলোচিত ইসলামি বক্তা ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তবে মানুষের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতির কারণে তিনি দুটি দায়িত্বই গ্রহণ করেননি।
সম্প্রতি সাংবাদিক আকবর হোসেনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এ বিষয়ে কথা বলেন শায়খ আহমাদুল্লাহ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য তাকে ফোন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, এত বড় দায়িত্ব গ্রহণের জন্য তিনি প্রস্তুত নন। একই সঙ্গে তিনি ধর্ম উপদেষ্টা হিসেবে ড. আ ফ ম খালিদ হোসেনের নাম প্রস্তাব করেন এবং সরকারের কাছে তার জীবনবৃত্তান্ত পাঠিয়ে দেন।
পরবর্তীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব নিয়োগের সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শায়খ আহমাদুল্লাহকে দায়িত্বটি নেওয়ার জন্য অনুরোধ করেন। সরকারের বাইরে থেকেও অনেকে তাকে এ দায়িত্ব গ্রহণে উৎসাহিত করেন। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে একটি আদর্শ বহুমুখী মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সাধারণ মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওই মসজিদে তিনি নিজেই জুমার নামাজ পড়াবেন। তার এই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই মানুষ মসজিদ নির্মাণে উদারভাবে অনুদান দিয়েছেন।
তার ভাষ্য, বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব গ্রহণ করলে সাধারণ মানুষের সঙ্গে করা সেই প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হতো না। তিনি আরও জানান, নির্মাণাধীন মসজিদটিকে শুধু উপাসনালয় হিসেবে নয়, সমাজের বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।
শায়খ আহমাদুল্লাহ মনে করেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সরকারি পদ বা বড় কোনো প্রশাসনিক দায়িত্বে থাকা অপরিহার্য নয়। একজন মানুষ নিজের অবস্থান থেকেই সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন।