জাতীয়

চলতি মাসেই তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

চলতি মাসেই তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে স্বল্প সময়ের জন্য তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন তিনি।

সোমবার ২ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, এ সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরা হবে। পাশাপাশি জলবায়ু তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সফরের তারিখ এবং সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও একইভাবে সফরের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশসহ এ অঞ্চলের মানুষের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তুলে ধরা হবে।

তিনি বলেন, জলবায়ু তহবিল যেন ঋণ নয়, অনুদান হিসেবে দেওয়া হয়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি কার্বন নিঃসরণে বড় দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেবে বাংলাদেশ।

শামা ওবায়েদ বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাবের শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরাসরি ভূমিকা রাখছে। সম্মেলনে সরকারের এসব উদ্যোগ ও সাফল্যও তুলে ধরা হবে।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।