সারাদেশ

গাজীপুরে পুলিশের তিন গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

গাজীপুরে পুলিশের তিন গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত
ছবি: সংগৃহীত

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের সরিয়ে দিতে গিয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ২ নভেম্বর সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

এরপর দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় আন্দোলনকারীরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টিভির এক প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালানো হয়। এতে তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। একই সময়ে এসএ টিভির এক ক্যামেরাপারসনও পায়ে আঘাত পান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা আজও বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে।