আইন আদালত

আমু-দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

আমু-দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও দীপু মনিসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলার অন্য আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান ,আব্দুর রাজ্জাক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম।

আসামিদের মধ্যে মির্জা আজম ছাড়া বাকি ছয় আসামি কারাগারে আছেন।

পরে এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল।

গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, এই মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন, কন্ট্রিবিউট করেছেন। এর ফলে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এক হাজার ৪০০ আন্দোলনকারী নিহত হয়েছে। ২৫ হাজার আন্দোলনকারী আহত হয়েছে। এটাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ।