জাতীয়

রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চায় মালিক সমিতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চায় মালিক সমিতি
ছবি: সংগৃহীত

ঢাকাসহ সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

সোমবার ২ নভেম্বর সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার মার্কেট, বিপণিবিতান ও শপিংমলে বর্তমানে ক্রেতাসংকটের পাশাপাশি বিক্রিতেও মন্দাভাব দেখা দিয়েছে। রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার বাধ্যবাধকতার কারণে ব্যবসায়ীদের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়ছেন। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে।

সংগঠনটির দাবি, এর প্রভাব শুধু ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিপুলসংখ্যক কর্মচারীর জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী মালিক এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২ কোটি ৫০ লাখ কর্মচারীর জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১ নভেম্বর বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী ও কর্মচারীদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির নেতারা মনে করেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হলে ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক গতি ফিরবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কমবে এবং কর্মসংস্থান রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এ অবস্থায় দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখা এবং লাখ লাখ ব্যবসায়ী ও কোটি মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।