আইন আদালত

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
ছবি: সংগৃহীত

সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সিদ্ধান্তের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে।

সোমবার ২ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

এর আগে গত ১৯ অক্টোবর সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত নেয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই অফিস আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডির কমিটি বাতিল করা হয়েছে।