রাজনীতি

সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম

সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ফেসবুক লাইভে এসে সংবাদপত্র ছেঁড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে ‘আমার দেশ’ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।’

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি জেল খেটেছেন। তার কোনো বক্তব্য অপছন্দ হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। এমন সমালোচনাকে তিনি স্বাগত জানাবেন।

রাশেদ খাঁন বলেন, ‘কিন্তু আমার দেশ যদি একটি পত্রিকা হয়ে থাকে, আমাকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না। এই অধিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেই। তিনি আমাকে বলতে পারেন না যে, আমি শেখ হাসিনার পুত্রের সঙ্গে এক হয়েছি।’

তিনি আরও বলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা বয়ান হিসেবে ‘আমার দেশ’ পত্রিকায় প্রচার করা হয়েছে, তিনি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হয়েছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এই অভিযোগ জামায়াত বা দলটির নেতা গোলাম পরওয়ার করলে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিতেন। কিন্তু জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা বয়ান দাঁড় করানোর চেষ্টা করেছে। তাই একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন এবং মিথ্যা ও অপবাদ ছিঁড়ে ফেলেছেন।

তিনি বলেন, ‘আমার দেশ কোনো পত্রিকা না, আমি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটা জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হনন করার কোনো সুযোগ নেই।’

তার ভাষ্য, পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত। ‘আমার দেশ’ সেগুলোর কোনোটি অনুসরণ করে না।