সারাদেশ

বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী সায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে থানা ফটকে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সায়েব আলী ২০২৪ সালের জুলাই আন্দোলনসংক্রান্ত একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাতেই তারা আখাউড়া থানার ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সায়েব আলীর মুক্তি দাবি করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও ধাওয়ার অভিযোগ ওঠে।

এ বিষয়ে কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ জানান, সায়েব আলী আওয়ামী লীগের কোনো নেতা নন এবং দলটির সঙ্গে তার কোনো পদ-পদবিও নেই। তার দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিহিংসার কারণে বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

আতাউল্লাহ আরও জানান, ঘটনার পর এনসিপির আখাউড়া উপজেলা আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতাকর্মীরা থানার ফটকে অবস্থান নেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু জানান, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ মিথ্যা। তার দাবি, বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তারের পর এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে অস্থিরতা সৃষ্টি করছিলেন। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন কয়েকজন বিএনপি নেতাকর্মী পরিস্থিতি মীমাংসার চেষ্টা করেন।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলনসংক্রান্ত বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে আসেন। সেখানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কিছু সমস্যা হয়। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।