সারাদেশ
সোনারগাঁয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১
ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এতে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
রোববার ২২ নভেম্বর রাত পৌনে ৭টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে স্কয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম ইসমাইল, বয়স ৪০ বছর। আহত হেলপারের নাম রায়হান হোসেন, বয়স ২০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল রানা।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী হানিফ জানান, গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে তিনি একটি কাভার্ডভ্যানকে অন্য একটি ট্রাকের ওপর দেখতে পান। পরে গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি ট্রাকের ওপর উঠে যায়। এতে ট্রাকচালক নিহত হন এবং আরেকজনকে আহত অবস্থায় দেখতে পান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল রানা বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।