সারাদেশ
সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, সমবেদনা জানাতে দুই এমপির উপস্থিতি
ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরস্থ পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং সার্বিক খোঁজখবর নিতে বাড়িটি পরিদর্শন করেছেন দুই সংসদ সদস্য। এ সময় তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চান।
রাতে সাদিক কায়েমের পৈতৃক বাসভবনে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তারা সেখানে কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এ ঘটনায় তাদের প্রতি সমবেদনা জানান।
পরিদর্শনকালে দুই সংসদ সদস্যই বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, সহিংসতা এবং নৈরাজ্য সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা অবস্থান যা-ই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অগ্নিসন্ত্রাসের মতো অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জানান, অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শন শেষে দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।