সারাদেশ

আগুনে পদ্মা রেল সংযোগের পিলার ব্যাপক ক্ষতিগ্রস্ত, কমানো হলো ট্রেনের গতি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

আগুনে পদ্মা রেল সংযোগের পিলার ব্যাপক ক্ষতিগ্রস্ত, কমানো হলো ট্রেনের গতি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলস্টেশনের পাশে পদ্মা রেল সংযোগের ৩৪ নম্বর পিলার আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তাপে পিলারটির প্লাস্টার খসে পড়েছে এবং ভেতরের রড বেরিয়ে এসেছে। এ পরিস্থিতিতে ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত ১৯ নভেম্বর রাত সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা রেলস্টেশন এলাকায় পদ্মা রেল সংযোগের ৩৪ নম্বর পিলারসংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পাশের একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘর পুড়ে যায়।

এদিকে, পদ্মা রেল সংযোগের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নিয়োজিত চীনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে।

এ ছাড়া অগ্নিকাণ্ডের দিনই পদ্মা রেল সংযোগ প্রকল্পের কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পিলারটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।