অর্থনীতি

টানা ৯ দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে কত?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

টানা ৯ দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে কত?
ছবি: সংগৃহীত

টানা ৯ দফা কমার পর অবশেষে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ২১১ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো মূল্য সংযোজন কর আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে মূল্য সংযোজন কর বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। রোববার (২২ নভেম্বর) থেকে এ দাম কার্যকর হয়।

এর আগের দিন শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তি দিয়ে প্রতি ভরি সোনার দাম এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমায় বাজুস। এতে ওই দিন মূল্য সংযোজন করসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকারের দাম দাঁড়ায় ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এতে মূল্য সংযোজন করসহ প্রতি ভরি সোনার অলংকারের দাম দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

এর আগের দিন ১৮ নভেম্বর সকালেও সোনার দাম সমন্বয় করে বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ১৪ নভেম্বরও ভালো মানের সোনার অলংকারের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

এর আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল প্রতি ভরি সোনার দাম।

সব মিলিয়ে ৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনে টানা ৯ দফায় প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমে যায়। এ সময়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে কমে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় নেমে আসে ২২ ক্যারেটের সোনার দাম।

তবে এবার সেই ধারায় ছেদ পড়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে এক দিনের ব্যবধানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছে বাজুস।

সর্বশেষ দাম সমন্বয়ের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৬ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা মূল্য সংযোজন কর সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।